সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী (ধানের শীষ) ফজলুল হক আছপিয়া পুলিশের বিরুদ্ধে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি ও মামলা ছাড়াই গ্রেফতারের অভিযোগ করেছেন। গত সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্টস্থ নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। ফজলুল হক আছপিয়া অভিযোগ করে বলেন, আমাকে নির্বাচন থেকে সরানোর অশুভ চক্রান্ত চলছে, প্রতি মুহূর্তে নানা হুমকির মধ্যে আমাদের প্রচারণা চালাতে হচ্ছে। পুলিশ আমাদের নেতা-কর্মীদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছে, মামলা ছাড়াই নেতা-কর্মীদের গ্রেফতার করছে, এই গ্রেফতার আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। সুষ্ঠু নির্বাচন নিয়েও আমরা সন্ধিহান। এসময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।