ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা
নিখোঁজের ৭৩ দিন পর শাকিল খান (১৫) নামে এক অটোবাইক চালকের লাশ উদ্ধারের পর তার হত্যাকারীদের বিচার দাবিতে গতকাল সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছেন অটোবাইক চালক সংগঠনের নেতাকর্মী ও শাকিলের গ্রামবাসী। মিছিলটি শাকিলের নিজ গ্রাম কামারচালা থেকে শুরু হয়ে ঘাটাইল সদরের বিভিন্ন সড়কে বিক্ষোভ প্রদর্শন করে। পরে ঘাটাইল উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শাকিলের হত্যাকারীদের ফাঁসির দাবি করা হয়। গত রবিবার দুপুর ১টার দিকে মধুপুর থানার অরণখোলা পাহাড়ের শালবনের ভেতর মাটিতে পুঁতে রাখা শাকিলের লাশটি ঘাটাইল থানা পুলিশ উদ্ধার করেন। এরপর থেকেই এলাকাবাসী ও শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেন।
এ ঘটনায় শাকিলের মোবাইল ফোনের সূত্র ধরে নলমা এবং পাড়াকুশারিয়া থেকে চারজনকে পুলিশ আটক করেন। আটককৃতরা হলেন— নলমা গ্রামের মোতালেবের ছেলে জমির উদ্দিন (৩০), আঃ মজিদের ছেলে আমির আলী (৩০), পাড়াকুশারিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে শাহ আলম (৩৫) ও সিরাজখানের ছেলে শফিক (২৫)। এদের স্বীকারোক্তি মোতাবেক ঘাটাইল থানা পুলিশ মধুপুর থানার অরণখোলা শালবনের ভেতর থেকে গত রবিবার শাকিলের লাশ মাটির নিচ থেকে উদ্ধার করে। পরনের গেঞ্জি ও প্যান্ট দেখে পিতা রহিজ খান শাকিলের লাশটি শনাক্ত করেন।
উল্লেখ্য, ১০ অক্টোবর বুধবার বিকেল ৪টার সময় অটোবাইক নিয়ে শাকিল প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে অটোবাইকসহ নিখোঁজ হন। ঘাটাইল থানার ওসি (তদন্ত) এনামুল হক চৌধুরী জানান, আটক ব্যক্তিদের তথ্যমতে শাকিলের লাশ এবং অটোবাইকটি জামালপুর জেলা সদর থেকে উদ্ধার করা হয়।