নিষিদ্ধ হলেন উমর আকমল

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গের দায়ে নিষিদ্ধ হয়েছেন উমর আকমল। দুর্নীতিবিরোধী সংস্থার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটের বাইরে থাকতে হবে এই কিপার-ব্যাটসম্যানকে।

ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, উমর আকমলের বিপক্ষে ৪.৭.১ ধারা ভঙ্গের অভিযোগে তদন্ত চলমান থাকায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে পিএসএল খেলা হচ্ছে না উমরের।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ। নিষিদ্ধ হওয়ায় খেলতে পারবেন না ২৯ বছর বয়সি উমর। অবশ্য তার দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে বদলি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার অনুমতি দিয়েছে পিসিবি। উমর আকমলের বদলে ইতোমধ্যে কোয়েটা দলে নিয়েছে ৩২ বছর বয়সি অলরাউন্ডার আনোয়ার আলীকে। পাকিস্তানে হয়ে ২০০৮ থেকে ২০১৬ সালের মধ্যে ২২টি ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি খেলেছেন আনোয়ার আলী। গত আসরেও কোয়েটার হয়ে খেলা আনোয়ার পিএসএলে ৩২ ম্যাচে ১৯১ রান করেছিলেন এবং ২৩ উইকেট নিয়েছিলেন। 

বোর্ডের নিরপেক্ষ ট্রাইব্যুনাল নির্ধারণ করবে উমর প্রকৃতপক্ষে দোষী কি না। সম্প্রতি এক ট্রেনারের সঙ্গে খারাপ আচরণ করেও শাস্তি এড়াতে সক্ষম হন উমর। সেবার তিনি টি-শার্ট খুলে আক্রমনাত্মক ভাবে বলেছিলেন, আমার মেদ কোথায় আছে? সেবার তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। ক্যারিয়ারে এখন পর্যন্ত ১১ বার তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।