স্কুল দাবা

১০ হাজার শিক্ষার্থী

দাবা ফেডারেশন সভাপতি ও র্যাবের প্রধান বেনজীর আহমেদ অনেক দিন ধরেই বলে আসছিলেন স্কুল দাবার উন্নয়নের জন্য স্পন্সর প্রয়োজন। দীর্ঘমেয়াদি স্পন্সর না হলে খেলা পরিচালনা করা  কঠিন। একটা পরিকল্পনা করা যায় যদি ভালো কোনো স্পন্সর পাওয়া যায়। অবশেষে স্পন্সর পাওয়া গেল। আগামী পাঁচ বছরের জন্য দাবার সঙ্গে কাজ করবে আবুল খায়ের গ্রুপ।

কাওরান বাজারস্থ বিএসইসি ভবনে র্যাবের মিডিয়া সেন্টারে দাবা ফেডারেশনের সঙ্গে আবুল খায়ের গ্রুপের সঙ্গে সমঝোতা স্বাক্ষর হয়েছে। দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শামীম বলেছেন, এবারই প্রথম দেশের সব জেলায় স্কুল দাবার খেলা হবে। প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারে। দেশে এবারই প্রথম এত শিক্ষার্থী দাবায় ঘুটি চাল দেবেন। খেলা শুরু হবে মার্চে।

প্রত্যেক জেলায় খেলা হবে। সেখান থেকে বাছাই করা দাবাড়ুরা বিভাগীয় পর্যায়ে খেলবেন। বিভাগ হতে পাঁচ জন ছেলে ও পাঁচ জন মেয়ে, ১০ জন করে আট বিভাগের ৮০ জন দাবাড়ুকে নিয়ে জাতীয় পর্যায়ে টুর্নামেন্ট হবে। এখান থেকে ২০ জন সেরা দাবাড়ু উন্নত প্রশিক্ষণ পাবেন।

এর বাইরেও যদি ভালো দাবাড়ু পাওয়া যায় তাহলেও নেওয়া হবে। প্রতিভা খোঁজার এই লড়াই চলবে আগামী পাঁচ বছর। স্পন্সর প্রতিষ্ঠান প্রতিবছর দেবে সাড়ে ৭৭ লাখ টাকা। আর এটাই চুক্তি হয়েছে। যেখানে ছিলেন ফেডারেশনের সভাপতি বেনজীর আহমেদ এবং আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ চৌধুরী (অব.), ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শামীম, সহসভাপতি কেএম শহিদউল্যা, র্যাব-৩ এর কমান্ডিং অফিসার ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান লে. কর্নেল রকিবুল হাসান প্রমুখ।