গাইবান্ধায় মাকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে ছেলে

পৈতৃক জমি ভাগবাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে মাকে হত্যার চেষ্টা মামলায় বুধবার সন্ধ্যায় মতিয়ার রহমান নামে একজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে এদিন বিকালে গাইবান্ধার সাদুল্লাপুর আমলী আদালতের বিচারক রমেশ কুমার দাগা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঘটনার সত্যতা স্বীকার করে বাদী পক্ষের আইনজীবী অ্যাড. ইস্তেকুর রহমান জানান, পৈতৃক জমি ভাগবাঁটোয়ারা ও দখল নিয়ে গত বছরের ডিসেম্বর মাসেও মতিয়ার তার মাকে মারধর ও হত্যার চেষ্টা করে। এ ঘটনায় মা মজিতন নেছা গাইবান্ধার সাদুল্লাপুর আমলী আদালতে মতিয়ারসহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঐ মামলায় মতিয়ার রহমানসহ ছয় জন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক উভয় পক্ষের শুনানি শেষে মতিয়ারের জামিন আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদের জামিন মঞ্জুর করেন বিচারক।