ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পারভীন হাসান। তিনি আগামীকাল ২২ ফেব্রুয়ারি থেকে অ্যাডভোকেট সুলতানা কামালের স্থলাভিষিক্ত হবেন। এছাড়া, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বোর্ডের নতুন মহাসচিব হিসেবে এবং অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী ও অ্যাডভোকেট সুস্মিতা চাকমা নতুন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। গত বুধবার টিআইবির ধানমন্ডিস্থ কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ডের ১০৩তম সভায় সর্বসম্মতিক্রমে তাদের এই পদে নির্বাচিত করা হয়।
টিআইবির উদ্যোগে পরিচালিত দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে অসামান্য অবদান রাখার জন্য বোর্ড সর্বসম্মতিক্রমে বিদায়ি চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এছাড়া, বোর্ড বিদায়ি সদস্য এম হাফিজউদ্দিন খান ও ড. আকবর আলি খানকে টিআইবির কার্যক্রমে ভূমিকা ও অবদান রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. পারভীন হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষক। তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্থাপত্য বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে এবং রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। অ্যাডভোকেট সুস্মিতা চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। তিনি পার্বত্য চট্টগ্রামের প্রথম আদিবাসী নারী আইনজীবী। —প্রেস বিজ্ঞপ্তি