বিদ্যুত্ খাতে ১৮ কোটি ডলার বিনিয়োগে জেপিএল ও বেজা’র চুক্তি

চাঁদপুর অর্থনৈতিক অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানি খাতে ১৮ কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যে জুলস্পাওয়ার লিমিটেড (জেপিএল) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর মধ্যকার সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল বেজা’র কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে এ সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

এ চুক্তির আওতায় জুলস্পাওয়ার লিমিটেড চাঁদপুর অর্থনৈতিক অঞ্চলে ১০০ মেগাওয়াটের একটি সোলার পাওয়ারপ্ল্যান্ট স্থাপন করবে, যার বিনিয়োগ মূল্য প্রায় ১৮০ মিলিয়ন মার্কিন ডলার। প্রতিষ্ঠানটি চাঁদপুর অর্থনৈতিক অঞ্চলে একটি মাল্টিপারপাস জেটি এবং ৩৭ কিলোমিটার বিস্তৃত ১৩২ কেভির একটি ট্রান্সমিশন লাইন স্থাপন করবে।

সমঝোতা চুক্তি অনুযায়ী, বেজা কর্তৃপক্ষ জুলস্পাওয়ার লিমিটেডকে চাঁদপুর অর্থনৈতিক অঞ্চলে ৫০০ একর জমি বরাদ্দ দেবে, যেখানে প্রতিষ্ঠানটি ১০০ মেগাওয়াটের একটি নবায়নযোগ্য সোলার পাওয়ার প্যানেল সিস্টেম স্থাপন করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জুলস্পাওয়ার লিমিটেড (জেপিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা চেম্বারের পরিচালক নূহের লতিফ খান বলেন, সরকার প্রদত্ত পাওয়ার পারচেজ এগ্রিমেন্টস (পিপিএ) এবং ইমপ্লিমেনটেশন এগ্রিমেন্ট (আইএ)-থাকার কারণে এ খাতে বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা অধিক। যে কারণে এ খাতে নতুন নতুন বিনিয়োগে উদ্যোক্তারা আগ্রহী হচ্ছেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটিই হবে দেশের সর্বপ্রথম নবায়নযোগ্য সোলার আইপিপি প্রকল্প।—প্রেস বিজ্ঞপ্তি