গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, যারা জোর করে ক্ষমতা দখল করে, তাদের লক্ষ্য লুটপাট ও টাকা পাচার করা। তাই তারা অবাধ, নিরপেক্ষ নির্বাচন দেওয়ার সাহস করে না। তারা রাষ্ট্রের মালিক নয়। জনগণ রাষ্ট্রের মালিক। তাই মালিকের মতো আচরণ করতে হবে। অধিকার আদায় করে নিতে হবে। অমর একুশে উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণফোরাম আয়োজিত ‘একুশ মানে অধিকার আদায়ের অঙ্গীকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. কামাল বলেন, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা হচ্ছে। এ পাচার রাষ্ট্রীয় পর্যায়ে ডাকাতি এবং পাচারকারীরা রাষ্ট্রীয় ডাকাত। ঐক্যবদ্ধ হয়ে এসব টাকা বিদেশ থেকে ফিরিয়ে আনতে হবে। লুটপাট, ফ্যাসিবাদ ও নৈরাজ্য থেকে মুক্তি পেতে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।