বগুড়ায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

বগুড়ায় অভ্যন্তরীণ কোন্দলে প্রকাশ্যে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই সময় তার বড়ো ভাই বিএনপি কর্মী আল মামুনকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে সদর উপজেলার বুজরুক মাঝিড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। অভ্যন্তরীণ কোন্দল ও বিএনপি কর্মী সনি হত্যার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে এলাকাবাসী ও পুলিশের দাবি। আপেল মাহমুদ ফকির (৩৫) বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের পলাশবাড়ি গ্রামের আব্দুল মান্নান ফকিরের ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির কর্মী এবং তার ভাই আহত আল মামুন ঐ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য। আহত মামুনকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, আপেল ও তার ভাই মামুন মাংস ব্যবসায়ী। গতকাল সকালে ছাগল বিক্রির কথা বলে ঐ দুই ভাইকে পার্শ্ববর্তী লাহিড়ীপাড়া ইউনিয়নের বুজরুক মাঝিড়া গ্রামে ডেকে নেওয়া হয়। সেখানে গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান ও তার সহযোগীরা হামলা চালায়।