যুক্তরাষ্ট্র দূতাবাসের বাংলা ভাষায় ওয়েবসাইট চালু

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) জোয়ান ওয়াগনার দূতাবাসের বাংলা ভাষার ওয়েবসাইট উদ্বোধন করেছেন। এটি দূতাবাসের ইংরেজি ওয়েবসাইটটির অনেকটাই অনুরূপ। বাংলা ওয়েবসাইটটি বাংলাদেশ এবং বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা সব বাংলা ভাষা-ভাষীর জন্য নানা ধরনের বিষয়বস্তু পরিবেশন করবে। দূতাবাসকে বাংলাদেশিদের সঙ্গে আরো কার্যকরভাবে যোগাযোগ এবং যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো প্রসারিত করতে এটি সহায়তা করবে।

বাংলা ও ইংরেজি উভয় ওয়েবসাইটই নিয়মিত আপডেট করা হবে যাতে দুই ভাষার মানুষের জন্যই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি, ব্যবসা-বাণিজ্যের সুযোগ, যুক্তরাষ্ট্র ভ্রমণের ভিসা এবং শিক্ষাগত ও পেশাগত এক্সচেঞ্জ কর্মসূচিসহ অনেক বিষয়ে তথ্য পাওয়া নিশ্চিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি, মিডিয়া নোট ও প্রেস বিবৃতি, সংবাদ বিষয়ক অনুষ্ঠান, নিরাপত্তা এবং জরুরি বার্তা, বক্তৃতা ও মিডিয়া সাক্ষাত্কার এবং অন্যান্য বার্তা ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই পোস্ট করা অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্র দূতাবাসের বাংলা ওয়েবসাইটটি দেখতে www.bd.usembassy.gov/bn এবং ইংরেজি ওয়েবসাইটটি দেখতে www.bd.usembassy.gov ঠিকানা ব্যবহার করতে হবে।