আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে জব্দ ড্রেজার ছিনিয়ে নেওয়ার চেষ্টা

আড়াইহাজারের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও মেজিস্ট্রেটের নিকট থেকে জব্দ ড্রেজার ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে সাত্তার নামে এক যুবলীগ নেতাসহ পাঁচ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেনের নেতৃত্বে অভিযানকালে এ ঘটনা ঘটে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন জানান, দীর্ঘদিন ধরে আড়াইহাজার, সোনারগাঁও ও কুমিল্লা এলাকাতে মেঘনা থানার চালিভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান লতিফ ও আড়াইহাজারের যুবলীগ নেতা সাত্তারসহ বেশকিছু প্রভাবশালী অধৈবভাবে বালু উত্তোলন করে আসছিলেন। এমন অভিযোগের পরিপ্র্রেক্ষিতে পুলিশ, খাগকান্দা নৌপুলিশ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বালু ব্যবসায়ী নোয়াখালীর দুলালের ছেলে নবী হোসেন (২০), আড়াইহাজারের বিবিরকান্দীর জামালের ছেলে কামাল (৩০), চট্টগ্রামের বাতেনের ছেলে আজিজ (৪০) ও একই এলাকার বাতেনের ছেলে মোহাম্মদ আলীকে আটক করা হয়। তাদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাত্তারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার জানান, বালু উত্তোলন বন্ধ হলে ভাঙন থেকে অনেক গ্রাম রক্ষা পাবে।