মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দিনের সফরে আগামী ২৪ ফেব্রুয়ারি ভারত যাচ্ছেন। এই সফরে তিনি কিছু সময়ের জন্য আগ্রায় যাবেন বিশ্বের অন্যতম সুন্দর স্তম্ভ তাজমহল দেখতে। এই উপলক্ষ্যে এখন সাজ সাজ রব তাজমহলের শহরে। ট্রাম্প যেখানে যেখানে যেতে পারেন সেই এলাকার রাস্তাঘাট সংস্কারের কাজ চলছে জোরেশোরে। যমুনার পানি দুর্গন্ধমুক্ত করতে প্রচুর পরিমাণে পরিষ্কার পানি ছাড়া হয়েছে।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি ট্রাম্পের প্রথম ভারত সফর। এই সফরে তার সঙ্গে থাকবেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। গুজরাটের আহমেদাবাদে নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ নামে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর তার সফরসূচিতে রয়েছে আগ্রাও। তাজমহল দেখতে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার। ইতিমধ্যেই ঐ এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেছেন মার্কিন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, গত কয়েক দিন ধরেই কার্যত সাজসাজ রব বিরাজ করছে আগ্রায়। শুধু নিরাপত্তাই নয়, নজর দেওয়া হয়েছে শহরের সৌন্দর্য বর্ধনেও। ইতিমধ্যেই ৫০০ কিউসেক পানি যমুনায় ছেড়েছে সেচ বিভাগ। উত্তরপ্রদেশের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অরবিন্দ কুমার জানিয়েছেন, যদি দূষণ নিয়ন্ত্রণের জন্য ৫০০ কিউসেক পানি যমুনায় ছাড়া হয় তা হলে তা মথুরা ও আগরার পানিতে অক্সিজেনের পরিমাণ বাড়াতে সাহায্য করবে। এতে অবশ্য এই পানি খাওয়ার উপযুক্ত হবে না; কিন্তু নতুন পানিতে নদীর দুর্গন্ধ দূর হবে।
জানা গেছে, তাজমহলের আশপাশে থাকা দোকানগুলোকে ইতিমধ্যেই সরকার নির্ধারিত সাইনবোর্ড ব্যবহার করতে বলা হয়েছে। আগ্রার পুলিশ কর্মকর্তা বোত্রে রোহন বলেন, আগ্রা এয়ারপোর্ট থেকে তাজমহল যাওয়ার রাস্তাও সাজিয়ে তোলা হচ্ছে। এর আগে ট্রাম্পের গাড়ির বহর আহমেদাবাদের যে পথ দিয়ে যাবে, সে পথে থাকা বস্তি ঢাকতে উঁচু দেওয়াল নির্মাণের কাজ শুরু হয়।
এদিকে আহমেদাবাদ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোদি ও ট্রাম্পের রোড-শোতে রাস্তার দুই ধারে ৭০ লাখ নয়, ১ লাখ লোকের জমায়েত হবে। আহমেদাবাদের মিউনিসিপাল কমিশনার বিজয় নেহরা জানিয়েছেন, ১ লাখের কাছাকাছি মানুষ সেদিন জড়ো হবেন বলে আশা করছি। এর আগে ট্রাম্প নিজেই বলেছিলেন, ঐ দিন প্রায় ৫০ থেকে ৭০ লাখ মানুষ জড়ো হবেন তাকে স্বাগত জানাতে।