রাজধানীর মোহাম্মদপুর থেকে চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—ইকরাম আলম ওরফে আকরাম (৩৫), মো. পলাশ (২৬) ও মো. সুমন (২৫)। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চালানো হয়।
র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার জাহিদ আহসান জানান, ‘গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারি, চোরাই অটোরিকশার কেনাবেচা চক্রের কয়েক সদস্য চোরাই বা ছিনতাইকৃত অটোরিকশা কেনাবেচার জন্য দরদাম করছে। তাত্ক্ষণিক গজনবী রোডে জেনেভা ক্যাম্পের পাশের ফাঁকা জায়গায় অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় তিন জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চারটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। রাজধানী ও আশপাশ এলাকা থেকে অটোরিকশা ছিনতাই করে। গ্যারেজে নিয়ে এর রং, ইঞ্জিন ও চেসিস নম্বর টেম্পারিং করে ঢাকা মেট্রো এলাকার বাইরে গোপনে চালিয়ে থাকে। পরবর্তী সময়ে সুযোগ বুঝে বেশি দামে বিক্রি করে দেয়। বিক্রির আগ পর্যন্ত ঢাকার বাহিরে কেরানীগঞ্জের বিভিন্ন সিএনজি গ্যারেজে রেখে দেয়। এদের বিরুদ্ধে মামলা হয়েছে।