করোনা ভাইরাস: এবার চীনের তরুণ চিকিৎসকের মৃত্যু

প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চীনের এক তরুণ চিকিৎসক মারা গেছেন। দীর্ঘ দিন কোভিড-১৯ দ্বারা আক্রান্ত থাকার পর বৃহস্পতিবার তিনি মারা যান বলে জানিয়েছেন চীনের সরকারি সংবাদ সংস্থা জিনহুয়া।

খবরে জানানো হয়, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ২৯ বছর বয়সী তরুণ ডাক্তারের মৃত্যু হয়েছে। দীর্ঘদিন যাবত উহানের জিয়াংজিয়া জেলা পিপলস নম্বর ১ হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত ছিলেন। পরে এক পর্যায়ে নিজেই আক্রান্ত হয়ে পড়েন তিনি। এরপর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা চিকিৎসকদের মধ্যে সবচেয়ে কম বয়সী ছিলেন তিনি। 

গত মঙ্গলবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উহান উচ্যাং হাসপাতালের প্রধান মারা যান। এদিকে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসাকর্মীর সংখ্যা ৩ হাজার ১৯ জন। এদের মধ্যে ১ হাজার ৬ শ ৮৮ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে চীন সরকার জানায় আক্রান্ত চিকিৎসাকর্মীর সংখ্যা ১৭ শ' এর বেশি।

আরও পড়ুন: করোনা ভাইরাস: দেখতে চীনাদেরমত শিক্ষার্থীদের ভারতে হেনস্থা

উল্লেখ, চীনের বাইরে প্রায় ৩০টি দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। চীনের মূল ভূখণ্ডের বাইরে তাইওয়ান, ফ্রান্স, হংকং, ফিলিপাইন এবং জাপানেও  মারা গেছেন বেশ কয়েকজন। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

ইত্তেফাক/আরআই