পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকা দলে ইনজুরি আক্রান্ত ভারনন ফিলান্ডারের স্থানে ডাক পেয়েছেন নবাগত পেসার ড্যান প্যাটারসন। বুধবার থেকে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিয়ানে শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ডান হাতের বুড়ো আঙুলে চোট পাওয়ায় ফিলান্ডার প্রথম টেস্ট থেকে ছিটকে পড়েছেন। প্রোটিয়াদের নির্বাচক কমিটির প্রধান লিন্ডা জোন্ডি এই তথ্য নিশ্চিত করে বলেছেন ২৯ বছর বয়সী প্যাটারসনের প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ পারফরমেন্সই তাকে টেস্ট দলে জায়গা করে দিয়েছে। এ পর্যন্ত ২৩.৫৬ গড়ে প্যাটারসনের সংগ্রহে রয়েছে ৩২১টি প্রথম শ্রেণির উইকেট। জোন্ডি বলেন, ‘আমরা প্রায়ই তার খেলা লক্ষ করেছি। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরেই সে দারুণ ধারাবাহিকতা বজায় রেখেছে। প্রথম টেস্টে ব্যাক-আপ হিসেবে তাকে দলে ডাকা হয়েছে।’