জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দুটি প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)। এ টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য ভারতের চার ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বিসিসিআই।
আগামী মার্চের ২১ ও ২২ তারিখ এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার দুটি প্রীতি ম্যাচের আয়োজন করবে বিসিবি। এই টুর্নামেন্টে অংশ নিতে চার ভারতীয় ক্রিকেটারকে বাংলাদেশে পাঠানোর ব্যাপারে আগেই সম্মতি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শনিবার এই চার ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বিসিসিআই। তারা হলেন, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, শিখর ধাওয়ান, মোহাম্মদ সামি ও কূলদ্বীপ যাদব।
বিসিবি আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য এই চার ক্রিকেটারের নাম ঘোষণা করে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। এই টুর্নামেন্টে এশিয়ার তারকা ক্রিকেটাররা মাতাবেন এশিয়া অল স্টার একাদশের হয়ে।
এই ম্যাচে এশিয়া একাদশের হয়ে খেলবেন বাংলাদেশের চারজন ক্রিকেটার। এছাড়াও শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ক্রিকেটাররাও অংশ নিবে এই টুর্নামেন্টে। যারা মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন না তাদের জন্য অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করা হবে।
ইত্তেফাক/এসআই