ম্যাচের আগে সমর্থকদেরকে উপহার নিয়ে আসার ব্যাপারে উত্সাহিত করেছিল রিয়াল বেতিস কর্তৃপক্ষ। উদ্দেশ্যটা ছিল মহত্। বড়দিনে সে উপহারগুলো নগরের সব সুবিধাবঞ্চিত শিশুদের দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যেই ছিল এই উদ্যোগ। এতে সমর্থকদের সাড়াও পড়েছে বেশ! বড়দিনের আগে শেষ ম্যাচে নিজেদের মাঠ বেনিতো ভিয়ামারিনে ঢোকার মুখেই একটা করে ক্রিসমাস টুপি পেয়েছিলেন সমর্থকেরা। দ্বিতীয়ার্ধ শুরুর মিনিট চারেক আগে সবাই তাদের হাতের পুতুল, খেলনা ছুড়ে মারেন মাঠে, মুহূর্তেই সমর্থকদের উপহারে ভরে যায় মাঠের চারপাশ। উপহারগুলো ক্লাবে জমিয়ে রেখেছে বেতিস কর্তৃপক্ষ। বড়দিনে বিলিয়ে দেয়া হবে নগরের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে।