চট্টগ্রাম প্রথম বিভাগ হ্যান্ডবল

কমরেড ক্লাব চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম প্রথম বিভাগ হ্যান্ডবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে আগ্রাবাদ কমরেড ক্লাব সাইফ পাওয়ার গ্রুপ। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত ফাইনালে কমরেড ক্লাব ১৯-১৮ গোলের ব্যবধানে হালিশহর মুক্ত বিহঙ্গ ক্লাবকে পরাজিত করে এ কৃতিত্ব দেখায়। শুধু হ্যান্ডবল নয় চলতি মৌসুমে দ্বিতীয় বিভাগ ফুটবল, কাবাডি ও তায়কোয়ান্ডো লিগে অংশ নিয়ে চ্যাম্পিয়নশীপ অর্জন করে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে বেশ প্রশংসা লাভ করে দলটি।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার মো. নাজমুল হক, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি আ ন ম ওয়াহিদ দুলাল, হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান সৈয়দ আবুল বশর, সম্পাদক আসলাম মোর্শেদ প্রমুখ।