ঢাকায় ফিরে যুব ফুটবল দলের প্রস্তুতি শুরু করবেন জেমি ডে

স্পোর্টস রিপোর্টার

বাফুফের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ জেমি ডের সঙ্গে। বাফুফে জানিয়েছে ঢাকায় ফিরে কোচ তাঁর পরিকল্পনা চূড়ান্ত করবেন। মধ্য জানুয়ারিতে প্রিমিয়ার ফুটবল লিগ শুরু হওয়ার কথা রয়েছে। তার আগেই কোচ ঢাকায় এসে এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল বাছাইয়ের জন্য দল গঠন করবেন।

মার্চে এএফসির এই বাছাই। খেলা হবে বাহরাইনে। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন, ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। ২২-২৬ মার্চ খেলা হবে বাহরাইনে। উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রথম খেলা বাহরাইনের বিপক্ষে। ২৪ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ এবং ২৬ মার্চ শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। গ্রুপ পর্বের খেলায় বাংলাদেশকে একবার করে খেলতে হবে। ১১ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা রানার্সআপ চার দল খেলবে চূড়ান্ত বাছাইয়ে। ২০২০ সালের ৮-২৬ জানুয়ারি থাইল্যান্ডে চূড়ান্ত বাছাই হবে। তবে এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইয়ের সঙ্গে সঙ্গে এটিকে টোকিও অলিম্পিক ফুটবল বাছাই ধরা হবে। এক সঙ্গে দুটি বাছাই চলবে। ২০২০ সালে টোকিও অলিম্পিক গেমস হবে। মেয়েদের ফুটবলে বাংলাদেশের বিদায় হয়ে গেছে। পুরুষ ফুটবলের পর্বটি রয়েছে।

থাইল্যান্ডে চূড়ান্ত বাছাইয়ের পর এএফসি অনূর্ধ্ব-২৩ এবং টোকিও অলিম্পিক ফুটবল বাছাইয়ের নতুন ছক তৈরি হবে। ১৬ দেশ টোকিও অলিম্পিকে খেলবে। স্বাগতিক জাপান নিজেদের ঘরের অলিম্পিকে সরাসরি খেলবে। বাদবাকি ১৫ দল উঠবে ৬ মহাদেশ থেকে।

এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল বাছাইয়ের কাতার ২০২২ বিশ্বকাপের বাছাই পর্বের প্রস্তুতি শুরু করবেন কোচ জেমি ডে। ৯ জানুয়ারি জেমি ডের ঢাকায় ফেরার কথা রয়েছে।