কুমিল্লা-১১ আসনে প্রচারণায় সরব আওয়ামী লীগ, মাঠে নেই বিএনপি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম সংসদীয় আসন এলাকার পাড়ায়-মহল্লায় নৌকার পক্ষে শেষ মুহূর্তের প্রচারণায় সরব আওয়ামী লীগ প্রার্থীরা। এ আসনের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের প্রার্থী রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির পক্ষে নৌকার প্রচারে একাট্টা হয়ে দিনে-রাতে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভার পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচার-প্রচারণায় মাঠে আছেন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তবে এ আসনে আওয়ামী লীগের সরব প্রচারণা থাকলেও নির্বাচনী মাঠে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতার পক্ষে বিএনপি-জামায়াতের প্রচারণা এখনো চোখে পড়েনি।

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে মুজিবুল হক মুজিব নেতাকর্মী নিয়ে তার নির্বাচনী এলাকা চৌদ্দগ্রামের সকল ইউনিয়ন ও পৌরসভা এলাকায় গণসংযোগ ও পথসভা শুরু করেন। উপজেলার প্রতিটি ওয়ার্ড ও গ্রামসহ পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ, জনগণের সাথে কুশল বিনিময়, গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।

তিনি গত ১০ বছরে নির্বাচনী এলাকায় শতভাগ বিদ্যুতায়ন, রাস্তাঘাট নির্মাণ-সংস্কার ও পাকাকরণ, শিক্ষা-স্বাস্থ্য, স্যানিটেশনসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নচিত্র জনসম্মুখে তুলে ধরেন এবং মহাজোট সরকারের সাফল্যসহ বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকায় ভোট চান।

চৌদ্দগ্রাম পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বলেন, বিগত বিএনপি-জামায়াত ও জাতীয় পার্টির সরকারের আমলে এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এক সময়ের অবহেলিত এ উপজেলার অজপাড়াগাঁয়ে মুজিবুল হকের হাত ধরে সকল ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। এতে সকল শ্রেণির মানুষের আর্থ-সামাজিক অবস্থার বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। তাই এ আসনে নৌকার জোয়ার সৃষ্টি হয়েছে। ৩০ ডিসেম্বর ভোটাররা নৌকায় ভোট দিয়ে মুজিবুল হকের বিজয় সুনিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অপর দিকে, এ আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের পক্ষে এলাকায় প্রচার-প্রচারণা এখনো চোখে পড়েনি।

নেতাকর্মীরা জানান, এ প্রার্থীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাই তিনি প্রকাশ্যে গণসংযোগ করতে পারছেন না। তবে এলাকার বাড়ি বাড়ি গিয়ে কৌশলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন এখানকার বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা।