মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
২০১৮ সালের জেএসসি পরীক্ষায় মির্জাপুর ক্যাডেট কলেজের ক্যাডেটরা তাদের ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে। ইংরেজি ভার্ষণে ৫২ জন ক্যাডেট জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ সহ গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন। পাশের হার শতভাগ। গতকাল সোমবার মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ মি. বিমান রায় চৌধুরী এ ফলাফল অর্জনের তথ্য জানিয়েছেন।
মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৮ সালের জেএসসি পরীক্ষায় মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ৫২ জন ক্যাডেট অংশ নিয়ে ৩৯ জন ক্যাডেট জিপিএ-৫ সহ গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। পাশের হার শতভাগ। তাদের এ ফলাফলে মির্জাপুর ক্যাডেট কলেজ পর্ষদ গর্বিত ও আনন্দিত। ফলাফলের দিক দিয়ে ভবিষ্যতেও তাদের এ ধারাবাহিক সাফল্য বজায় থাকবে।
জানা গেছে, মির্জাপুর ক্যাডেট কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের রাজাবাড়ি এলাকায় ১৯৬৩ সালে মনোরম পরিবেশে বিশাল এলাকা নিয়ে মির্জাপুর ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার গুণগত মান অত্যন্ত চমত্কার। কলেজ পরিচালনা পর্ষদ, অধ্যক্ষ ও শিক্ষক মণ্ডলীদের শ্রমের ফলে দিন দিন এই প্রতিষ্ঠানের জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক অবস্থানে রয়েছে।
মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ মি. বিমান রায় চৌধুরী বলেন, এই ক্যাডেট কলেজটি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বরাবরই ভাল ফলাফল অর্জন করে আসছে। ভবিষ্যতে এই কলেজের সুনাম যাতে আরো বৃদ্ধি পায়, সে জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।