খুলনা অফিস
খুলনায় ৩৯ লাখ টাকার জাল নোটসহ এস এম মামুন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মামুন বাগেরহাট সদর উপজেলার পাইকপাড়া গ্রামের এস এম মতলেবের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর দেড়টার দিকে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে ৩৯ লাখ টাকার জাল নোটসহ মামুনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে জব্দকৃত সবগুলোই ১ হাজার টাকার নোট।
নগরীর লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।