ঝালকাঠি প্রতিনিধি ও নলছিটি সংবাদদাতা
ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের চার দিন পরে আসিব হাওলাদার (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের খাসমহল এলাকার মরা খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। আসিবকে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেওয়া হয়েছে বলে তার পরিবারের অভিযোগ। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় দুই যুবককে আটক করেছে। আসিব খাসমহল এলাকার ফল বিক্রেতা শাহীন হাওলাদারের ছেলে।
আসিবের চাচা নাছির হাওলাদার জানান, গত ১৮ ফেব্রুয়ারি দুপুরে খাসমহল এলাকার ফ্রিজ মেকার সোহেল ও তার কর্মচারী পলাশের সঙ্গে আসিবের ঝগড়া হয়। তারা আসিবকে হত্যার হুমকি দেয়। ঐদিন রাত ৮টার দিকে হাইস্কুল সড়কে বাবার ফলের দোকান থেকে বাসায় যাওয়ার কথা বলে আসিব চলে যায়। কিন্তু সে আর বাসায় ফেরেনি। নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, আসিবের লাশ ফুলে পচন ধরেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্টে সবকিছু পরিষ্কার হবে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সোহেল ও পলাশকে আটক করেছে।