এলএলবি পরীক্ষায় বরিশালে ২৫ জনকে বহিষ্কার

বরিশাল অফিস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম বর্ষের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে শনিবার সকালে নগরীর সরকারি ব্রজমোহন কলেজ কেন্দ্রের ২৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস জানান, শনিবারের পরীক্ষায় মোট ৬৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরিচালনায় জেলা প্রশাসনের পাঁচ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমানের নির্দেশনায় সরকারি ব্রজমোহন কলেজ কেন্দ্রের ২৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, এলএলবি প্রথম বর্ষের আগামী পরীক্ষাগুলোতেও নকলমুক্ত পরিবেশে সম্পন্নের জন্য জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।