চট্টগ্রাম অফিস
শুক্র ও শনিবার অভিযান চালিয়ে কাভার্ড ভ্যান থেকে রপ্তানিপণ্য চোর চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৪ হাজার ৬৫৭ পিস শার্ট ও ১ হাজার ৫২০ পিস প্যান্ট উদ্ধার করা হয়। গতকাল শনিবার বিষয়টি প্রকাশ করে পুলিশ।
সিএমপির অতিরিক্ত উপকমিশনার (বন্দর) মো. আরেফিন জুয়েল জানান, গ্রেফতারকৃতরা কাভার্ড ভ্যান থেকে রপ্তানিপণ্য চুরির সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে সম্প্রতি কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া বিপুলপরিমাণ শার্ট ও প্যান্ট উদ্ধার করা হয়েছে। ঢাকার সাভার থেকে কাভার্ড ভ্যানে করে রপ্তানিপণ্য চট্টগ্রাম বন্দরে আনার সময় তারা এসব পণ্য চুরি করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন কাভার্ড ভ্যানের হেলপার হিসেবে চাকরি করেন। তিনি আরো জানান, সিইপিজেড এলাকায় কাভার্ড ভ্যান থেকে পণ্য চুরি করার সময় একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেফতার করা হয়েছে।