জনবল সংকটে কার্যক্রম ব্যাহত

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

কামারখন্দে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে জনবলের সংকটে কার্যক্রম ব্যাহত হচ্ছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, এ কার্যালয়ে একজন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, একজন মেডিক্যাল অফিসার, একজন সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা, একজন সিনিয়র পরিবারকল্যাণ পরিদর্শক, চারজন পরিবার পরিকল্পনা পরিদর্শক, ২৫ জন পরিবারকল্যাণ সহকারী ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা মিলে ৫৭ জন থাকার কথা থাকলেও রয়েছেন ৪০ জন। প্রতিজন পরিবারকল্যাণ সহকারী ৪৫০ থেকে ৬০০ দম্পতি নিয়ে কাজ করার কথা থাকলেও পর্যাপ্ত পরিবারকল্যাণ সহকারী না থাকায় প্রতিজন পরিবারকল্যাণ সহকারী প্রায় ২ হাজার করে দম্পতি নিয়ে কাজ করছেন। নির্ধারিত দম্পতির পরিবর্তে তিন গুণ অতিরিক্ত দম্পতি নিয়ে কাজ করতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে তাদের।

এ ব্যাপারে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেবেকা সুলতানা জানান, ‘আমি উপজেলায় প্রায় এক বছর ধরে এই পদে অতিরিক্ত দায়িত্বে আছি। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর একাধিকবার লিখিত আবেদন করেও জনবলের সংকট নিরসন হচ্ছে না।

সিরাজগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. তারিকুল ইসলাম জানান, পর্যাপ্ত জনবল না থাকায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে হিমশিম খেতে হচ্ছে। আগামী মাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা রয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে হয়তো দুই-চার মাসের মধ্যে এই সংকট কিছুটা নিরসন হবে।