কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ-৫ নিকলী ও বাজিতপুর আসনসহ জেলার সবকয়টি নির্বাচনী আসনে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা-মামলা ও গ্রেফতারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে গতকাল সোমবার দুপুরে নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম। তিনি অভিযোগ করেন, গত ২০ ডিসেম্বর নিকলী থানার এক দারোগার নেতৃত্বে পুলিশ ছাতিরচর ইউনিয়নের বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে বিএনপি নেতা-কর্মীদের হুমকি দিয়ে বলে যে, এলাকার কোথাও নির্বাচনী অফিস খোলা যাবে না এবং নির্বাচনের দুইদিন আগে সব পুরুষ লোকের এলাকা ছেড়ে চলে যেতে হবে। ওইদিন থানায় দায়েরকৃত একটি মিথ্যা মামলায় পুলিশ প্রতিদিনই এলাকা থেকে নেতা-কর্মীদের ধরে নিয়ে যাচ্ছে। এলাকায় এখন গ্রেফতার আতঙ্ক চলছে। গত ২২ ডিসেম্বর নৌকা প্রতীকের সমর্থকরা বাজিতপুর উপজেলার গজারিয়া ও বাংলা বাজার এলাকায় স্থাপিত বিএনপি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়। সংবাদ সম্মেলনে নিকলী থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহার এবং বিএনপি নেতা-কর্মীদের ওপর দমন-নিপীড়ন বন্ধের দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাজী মো. ইসরাইল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সুমন, নিবলী উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. কফিলউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মারুফ মিয়া প্রমুখ।