উইকেট দেখে বিস্মিত জিম্বাবুয়ে

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ মানেই স্পিন উইকেট। অতীতে বহুবার বাংলাদেশের ঘূর্ণি জাদুর সামনেই আত্মসমর্পণ করেছিল জিম্বাবুয়ে। চলমান টেস্টের আগেও স্বাগতিকদের স্পিন আক্রমণ নিয়ে অনেক কথা হয়েছে। জিম্বাবুয়ে শিবির থেকে বারবারই বলা হয়েছে, স্পিন খেলায় উন্নতি হয়েছে তাদের। আগের মতো স্পিনকে ভয় পায় না জিম্বাবুয়ে।

স্পিন নিয়ে অনেক শোরগোল হলেও গতকাল মিরপুর স্টেডিয়ামের উইকেট অবাক করেছে সফরকারীদের। দারুণ স্পোর্টিং উইকেট ছিল। ব্যাটসম্যানদের জন্য সাহায্য ছিল। আবার মানসম্পন্ন বোলিংয়ে উইকেট পাওয়ার সুযোগ ছিল বোলারদের। উইকেট আপাদমস্তকই বিস্ময় উপহার দিয়েছে জিম্বাবুয়েকে। সকালে ধারাভাষ্যকার টিনো মায়োয়ো বলেছেন, জিম্বাবুয়ে ভাবেনি এমন উইকেটে খেলবে বাংলাদেশ।

দিন শেষে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক ক্রেইগ আরভিনও বিস্ময় গোপন করেননি। তার সেঞ্চুরিতেই গতকাল প্রথম দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৬ উইকেটে ২২৮ রান। উইকেটের আচরণে অবাক হয়েছেন কিনা জানতে চাইলে আরভিন বলেছেন, ‘আমরা সত্যিই খুব বিস্মিত। উইকেট খুব ভালো ছিল। সাধারণত মানুষ বলে আপনি জানবেন না, ঢাকায় কী পেতে যাচ্ছেন। আমার মনে হয় এটা খুব ভালো উইকেট। এবং তাই বাংলাদেশ কিছুটা এগিয়ে আছে, কারণ এই উইকেট। আমরা সম্ভবত দুই-তিনটা উইকেট বেশি হারিয়েছি।’

রাহী-নাঈমদের নিয়ন্ত্রিত লাইন-লেন্থের বোলিংকে মাড়িয়েই ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেছেন আরভিন। ২২৭ বল খেলে ৩টি চারে ১০৭ রান করেন তিনি। ডেভ হটনের পর জিম্বাবুয়ের অধিনায়ক হয়ে প্রথম টেস্টেই সেঞ্চুরি পেলেন এই বাঁহাতি। বাংলাদেশের বোলারদের প্রশংসা করে আরভিন বলেন, ‘আমার মনে হয় উইকেট আজ (গতকাল) খুব ভালো ছিল। বাংলাদেশ সত্যিই ভালো বোলিং করেছে। ধারাবাহিকভাবে তারা নিয়ন্ত্রিত লাইন-লেন্থে বোলিং করেছে। আমার কাজ ছিল ধৈর্য ধরা। উইকেটে খুব বেশি কিছু হচ্ছিল না। কিন্তু ওরা ভালো জায়গায় বোলিং করেছে। আমি নিজের মতো খেলেছি এবং রান তুলেছি যখনই সুযোগ পেয়েছি।’

দিন শেষে বাংলাদেশকেই এগিয়ে রেখেছেন জিম্বাবুয়ের অধিনায়ক। গতকাল তিনি বলেন, ‘যেভাবে ৬ উইকেট হারিয়েছি, আজকে (গতকাল) আমরা আরো কিছু রান পেলে খুশি হতাম। কালকে (আজ) আবারও ইনিংস গড়ে তুলতে হবে। যেটা বলছিলাম গোটা দিন বাংলাদেশ আমাদেরকে আটকে রেখেছে। শেষদিকে কয়েকটা উইকেট নিয়েছে। আমি বলব, অর্ধেক দিন আমাদের ছিল। বাংলাদেশ সম্ভবত এগিয়ে।’

দিনের নবম ওভারে উইকেটে নেমেছিলেন আরভিন। দিন শেষের এক ওভার আগে নাঈমের বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি। আউট হলেও সেঞ্চুরি পেয়ে বেজায় খুশি এই ব্যাটসম্যান। আরভিন বলেন,‘অবশ্যই দেশের বাইরে সেঞ্চুরি বিশেষ কিছু। অতীতে আমি বাংলাদেশে সংগ্রাম করেছি। সত্যি বলতে এভাবে রান করে আমি খুশি।’