বাংলাদেশ-জিম্বাবুয়ে একমাত্র টেস্ট
রাহির
২৫০
টসে জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের ইনিংসের অষ্টম ওভারেই আঘাত হানেন আবু জায়েদ রাহি। এই পেসারের বলে স্লিপে নাঈম হাসানের কাছে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান জিম্বাবুয়ের ওপেনার কেভিন কাসুজা।
প্রথম শ্রেণির ক্রিকেটে এটা এই ডানহাতির ২৫০তম উইকেট। পরে টিমিসেন মারুমাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে পাঠান রাহি। প্রথম শ্রেণির ক্রিকেটে রাহির উইকেট সংখ্যা এখন ২৫১টি।
এর মধ্যে নবম টেস্ট খেলতে নামা এই বোলারের টেস্ট উইকেট
সংখ্যা ২২।
মাসাউরের সেরা
ক্যারিয়ারে পঞ্চম টেস্ট খেলতে নেমেছিলেন জিম্বাবুয়ের ওপেনার প্রিন্স মাসাউরে। আর তাতে মিরপুরে গতকাল পেয়ে গেলেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট হাফ সেঞ্চুরি। আউট হওয়ার আগে করেন ৬৪ রান। এটাই টেস্টে তার সেরা ইনিংস। ১৫২ বলের ইনিংসে ছিল ৯টি চার। দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক ক্রেইগ আরভিনের সঙ্গে মিলে ১১১ রান যোগ করেন মাসাউরে। দিনের দ্বিতীয় সেশনে ডান হাতি অফ স্পিনার নাঈম হাসানের বলে ফিরতি ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন মাসাউরে।
অধিনায়ক আরভিনের
‘প্রথম’
ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন জিম্বাবুয়ের ক্রেইগ আরভিন। তবে, এবারের সেঞ্চুরিটা নিশ্চয়ই বাকি দু’টোর থেকে আলাদা। কারণ, এবারই প্রথম অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করলেন। বাবা হওয়ার জন্য চলতি সিরিজে আসেননি নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস। সেই সুযোগটা কাজে লাগিয়ে সেঞ্চুরি দিয়েই অধিনায়কের দায়িত্ব পালন করলেন আরভিন। ২১৩তম বলে তিনি পৌঁছে যান তিন অঙ্কের ঘরে। শেষ পর্যন্ত ২২৭ বলে ১০৭ রান করে তিনি থামেন পড়ন্ত বেলায়। ইনিংসে ছিল ১৩টি চার। নাঈম হাসানের চতুর্থ শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি।
বাংলাদেশ দর্শন
ফ্রান্সিস নায়ামুটসাম্বা। তিনি জিম্বাবুয়ের মানুষ, ক্রীড়া সাংবাদিক। কাজ করেন জিম্বাবুয়ের একটা টেলিভিশন চ্যানেলে। এবারই বাংলাদেশের বিপক্ষে সিরিজ কাভার করতে প্রথমবারের মতো এসেছেন এই দেশে। এটা সাংবাদিক হিসেবে তার দ্বিতীয় বিদেশ সফর। এর আগে গিয়েছেন কেবল পাকিস্তানে। তবে, বাংলাদেশের তার এই আসার উপায়টা অভিনব। সফরকারী দেশটির ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) কোনো বিদেশ সফরেই একজন করে সাংবাদিককে নিজেদের খরচে নিয়ে আসেন। তিনি দলের সঙ্গে টিম হোটেলেই থাকেন। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ দর্শনের সুযোগ পেলেন ফ্রান্সিস।
জার্সি নম্বর পরিবর্তন
যে কোনো ফরম্যাটেই এর আগে মুমিনুল হক সৌরভ খেলতেন ৬৮ নম্বর জার্সি পরে। তবে, এবার তাতে পরিবর্তন আসলো। টেস্টের অধিনায়ক গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভিন্ন এক নম্বরের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামলেন। এখন থেকে তিনি খেলবেন ‘০৭’ নম্বর জার্সি পরে। যদিও, নতুন জার্সির শুরুটা অবশ্য ভালো হয়নি অধিনায়কের। সিরিজের একমাত্র টেস্টে টসে হার দিয়েই শুরু করলেন তিনি।
মিরপুর টেস্ট
স্কোর কার্ড : (প্রথম দিন শেষে)
টস: জিম্বাবুয়ে
জিম্বাবুয়ে ইনিংস :
রান বল চার ছক্কা
প্রিন্স মাসভাউরি ক অ্যান্ড ব নাঈম হাসান ৬৪ ১৫২ ৯ ০
কেভিন কাসুজা ক নাইম ব আবু জায়েদ ২ ২৪ ০ ০
ক্রেইগ আরভিন বোল্ড ব নাইম ১০৭ ২২৭ ১৩ ০
ব্রেন্ডন টেলর বোল্ড ব নাইম ১০ ১১ ১ ০
সিকান্দার রাজা ক লিটন ব নাইম ১৮ ৬২ ৩ ০
তিমিসেন মারুমা এলবিডব্লু ব আবু জায়েদ ৭ ৩৫ ১ ০
রেগিস চাকাভা ব্যাটিং ৯ ২৫ ১ ০
ডোনাল্ড তিরিপানো ব্যাটিং ০ ৪ ০ ০
অতিরিক্ত (বা-৪, লে বা-৪, ও-৩) ১১
মোট (৬ উইকেট, ৯০ ওভার) ২২৮
উইকেট পতন : ১/৭ (কাসুজা), ২/১১৮ (মাসভাউরি), ৩/১৩৪ (টেইলর), ৪/১৭৪ (রাজা), ৫/১৯৯ (মারুমা), ৬/২২৬ (আরভিন)।
বাংলাদেশ বোলিং :
এবাদত হোসেন : ১৭-৮-২৬-০ (ও-২),
আবু জায়েদ : ১৬-৪-৫১-২ (ও-১),
নাঈম হাসান : ৩৬-৮-৬৮-৪,
তাইজুল ইসলাম : ২১-১-৭৫-০ (ও-২)।