নৈপুণ্য দেখালে পাকিস্তানেও থাকবেন মাশরাফি

স্পোর্টস রিপোর্টার

মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টে লাঞ্চ বিরতি চলছে। বিসিবি কার্যালয়ের ক্রিকেট অপারেশন্স বিভাগে তখন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে মিটিংয়ে ব্যস্ত জাতীয় দলের নির্বাচকরা। তাদের সঙ্গে ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান, গেম ডেভলপমেন্ট বিভাগের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনও ছিলেন। প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়েছিল সেই মিটিং।

জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল গঠন নিয়েই মিটিংটা হয়েছিল, এমনটা অবশ্য আকরাম-সুজনদের কেউই স্বীকার করলেন না। নির্বাচকরাও পাশ কাটিয়ে গেলেন। তবে জানা গেছে, ওয়ানডে দলটা চূড়ান্ত হয়েছে। বিসিবি সভাপতির দপ্তরেও পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই তা ঘোষণা করা হবে।

গত সপ্তাহে বোর্ড সভাপতি বলেছিলেন, অধিনায়ক হিসেবে মাশরাফির এটিই শেষ সিরিজ। তারপর দলে থাকতে হলে পারফরম্যান্স দিয়ে, ফিটনেস টেস্ট পাশ করে বিবেচনায় আসতে হবে তাকে।

গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও জানালেন, পারফরম করলে পাকিস্তান সফরের এক ওয়ানডেতেও দলে বিবেচিত হবেন মাশরাফি। তিনি বলেছেন, ‘মাশরাফি যদি ভালো পারফরম্যান্স করে তো সব সময় খেলবে।’

বিপ টেস্টে মাশরাফি উতরে যাবেন বলেই বিশ্বাস মিনহাজুল আবেদীন নান্নুর। জাতীয় দলের ট্রেনারের দেওয়া অতীত রেকর্ড নাকি এই ডানহাতি পেসারের পক্ষেই কথা বলছে। গতকাল প্রধান নির্বাচক বলেছেন, ‘বিশ্বকাপের আগে ১১ প্লাস বিপ টেস্টে দিয়েছিল মাশরাফি। তারপর আর দিয়েছে কি না দেখিনি। সে ভালো দৌড়ায় আমি দেখেছি। আমার মনে হয়, বিপ টেস্ট দিলে পারবে।’

সর্বশেষ গত বছর জুলাইয়ে শ্রীলঙ্কায় ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। মাশরাফির মতোই ঐ সিরিজের দলে না থাকা মোহাম্মদ সাইফউদ্দিন ফিরছেন ওয়ানডে দলে।