ওয়েলিংটন টেস্ট
স্পোর্টস ডেস্ক
প্রথম দিনেই বিপদে পা দিয়ে ফেলেছিল ভারত। দিন শেষে সংগ্রহ ছিল পাঁচ উইকেটে ১২২ রান। আর বেসিন রিজার্ভে আর মাত্র ৪৩ রান যোগ করেই অলআউট হয়ে গেল সফরকারীরা। টেস্টে ১৩ ইনিংস পর ২০০র নিচে অলআউট হয়ে গেল ভারত।
এখানেই শেষ নয়, আরেকটি লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে দলটি। বিরাট কোহলির নেতৃত্বে প্রথম ইনিংসে ভারতের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর এটি। ২০১৮ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে করা ১০৭ রানটা এখনো আছে সবার ওপরে।
ভারতকে ১৬৫ রানে অলআউট করার পরই চালকের আসনে পৌঁছে গিয়েছিল নিউজিল্যান্ড। আর ব্যাটসম্যানরা সেই অবস্থান আরো সুসংহত করে। দিনের খেলা শেষ হওয়ার আগে পাঁচ উইকেট হারিয়ে স্বাগতিকরা তুলেছে ২১৬ রান। এর অর্থ হলো কেন উইলিয়ামসনের দল বড়ো লিডের পথেই হাঁটছে।
ভারতের ইনিংস গুঁড়িয়ে দেওয়ার নায়ক দুই পেসার টিম সাউদি ও কাইল জেমসন। দুই জনই নিয়েছেন চারটি করে উইকেট। অভিজ্ঞ সাউদিকে যোগ্য সঙ্গই দিয়ে গেছেন কাইল জেমসন।
ভারতের ইনিংসে হাফ সেঞ্চুরিও করতে পারেননি কেউ। সর্বোচ্চ ৪৬ রান করেন আজিঙ্কা রাহানে। এর বাইরে মাত্র চার জন ব্যাটসম্যান তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি আউট হওয়ার আগে করেন মাত্র দুই রান।
এই নিয়ে নিজের সর্বশেষ ২০টি আন্তর্জাতিক ম্যাচের ১৯টি ইনিংসে সেঞ্চুরিবঞ্চিত হলেন তিনি। বোঝাই যাচ্ছে, অধিনায়কত্বের মতো ব্যাটিংয়েও সময়টা ভালো যাচ্ছে না তার।
ভারতের জবাব দিতে নেমে দুই ওপেনার টম ল্যাথাম ও টম ব্লান্ডেল ভালো সূচনাই করেছিলেন। কিন্তু, কেউ নিজেদের ইনিংসটা বড়ো করতে পারেননি। ল্যাথাম ১১ ও ব্লান্ডেল ৩০ রান করে ফিরে যান সাজঘরে।
যদিও, সেই ধাক্কা পুষিয়ে দেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি ৮৯ রানের ইনিংস খেলেন। ১৫৩ বলের ইনিংসে ছিল ১১টি চার। এরপর শততম টেস্ট খেলতে নামা রস টেলর করেন ৪৪ রান। তৃতীয় উইকেট জুটিতে এই দুই জন মিলে যোগ করেন ৯৩ রান। এই জুটির সুবাদেই সহজেই লিড পেয়ে যায় নিউজিল্যান্ড। তবে, হেনরি নিকোলস ভালো সূচনা পেয়েও বড়ো ইনিংস খেলতে ব্যর্থ হন। করেন ১৭ রান। এরপর আর কোনো বিপদ আসতে দেননি জেমস ওয়াটলিং ও কলিন ডি গ্র্যান্ডহোম। দুই জনে যথাক্রমে ১৪ ও ৪ রান করে অপরাজিত আছেন। ভারতীয় পেসার ইশান্ত শর্মা নেন তিন উইকেট।