পাকিস্তানের নাগরিকত্ব পাবেন স্যামি

পাকিস্তানের নাগরিকত্ব পাচ্ছেন অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জয় করা ড্যারেন স্যামি। প্রথম কোনো ভিনদেশি ক্রিকেটার হিসেবে পাকিস্তান থেকে এই সম্মাননা পাবেন তিনি। একই সঙ্গে তাকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আগামী ২৩ মার্চ দেশটির রাষ্ট্রপতি ড. আরিফ আলভি নাগরিকত্ব ও পুরস্কার তুলে দেবেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে খেলা স্যামির ব্যাপারে পিসিবি বলেছে, ‘পাকিস্তান ক্রিকেটে অবদান রাখার জন্য সম্মাননা জানানো হচ্ছে তাকে।’