কচুরিপানা খাবার উপযোগী কি না তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে সাংবাদিকদের কাছে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পরিকল্পনামন্ত্রীর কচুরিপানা বিষয়ক মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্ক প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে। ফুড ভেল্যু পাওয়া গেলে ভবিষ্যত্ বলে দেবে কী করতে হবে।
গতকাল শনিবার বিকালে রংপুরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে টিপু মুনশি একথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা তো কত কিছুই খাই। এক সময় কচুরলতি কেউ খেতো না। মাশরুমকে ব্যাঙের ছাতা বলা হতো। কিন্তু এখন তো খাচ্ছে। পেঁয়াজের কেজি এখন ১০০ টাকার নিচে দাবি করে টিপু মুনশি বলেন, আগামী মাসে পেঁয়াজের দাম আরো কমবে। অনেক নতুন পেঁয়াজ বাজারে উঠবে। তখন পেঁয়াজের সমস্যা আর থাকবে না। রমজানের প্রস্তুতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, রমজানে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত রাখা হবে। কেউ যেন কোনো কারচুপি করতে না পারে সেদিকে কঠোর নজরদারি রাখা হবে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ, সাবেক জাপা নেতা হাজী আব্দুল লতিফ খান, আরপিএমপি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ প্রমুখ।