রাণীনগরে নৌকার প্রচারণা সরব হলেও ঝিমিয়ে পড়েছে ধানের শীষ

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

সারাদেশের ন্যায় নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে পুরোদমে বাজতে শুরু করেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল। দম ফেলার ফুরসত নেই প্রার্থী ও দলীয় অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের। সকাল থেকে রাত পর্যন্ত নৌকার প্রচার মাইকে মুখরিত উপজেলার সকল এলাকা। সেই তুলনায় মাঠে নেই ধানের শীষের প্রার্থী ও নেতাকর্মীরা। ঝিমিয়ে পড়েছে তাদের নির্বাচনী প্রচার-প্রচারণা। সোমবার উপজেলার প্রত্যন্ত এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে নৌকার পক্ষে ভোট  প্রার্থনা করে উপজেলার বড়গাছা ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। এদিন ইউনিয়নের বড়গাছা, ভাটকৈ, গিরিগ্রাম, মালশন, কাটরাশইন, গহেলাপুরসহ বিভিন্ন গ্রামে নৌকার পক্ষে এই নির্বাচনী প্রচারনা করা হয়। নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে ৩য় বারের মতো নৌকার মাঝি হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য ইসরাফিল আলম। এই আসনে পুনরায় ইসরাফিল আলমকে নৌকার বিজয় মালা পড়ানোর লক্ষে দিন-রাত নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। প্রচারণার সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বড়গাছা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন, বড়গাছা ইউপি আওয়ামী লীগের সভাপতি রবীন্দ্রনাথ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মহসিন মল্লিক, যুবলীগের সভাপতি রনজিত সাহা, সম্পাদক কমল কুমার, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জিতু প্রমুখ।