নির্বাচনের টুকরো খবর

আশুগঞ্জে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ধানের শীষের প্রচারণায় পুলিশের বাধা, হামলা-ভাঙচুর, নির্বাচনী প্রচারণা অফিসে তালা এবং বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে সোমবার আশুগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন প্রার্থী ভোটের মাঠে ধাবরিয়ে বেড়ালেও ধানের শীষের কর্মী সমর্থকদের মাঠে দাঁড়াতেই দিচ্ছে না পুলিশ। এতকিছুর পরও আমরা আশা ছাড়িনি। কারণ সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হলে দেশ মহাসংকটে পড়বে। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুহাম্মদ শামীম ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আহসান হাবীব শিপন ও আশুগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিরাজ প্রমুখ।

প্রবাসীদের সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর মতবিনিময়

সিলেট অফিস সিলেট-১ আসনের আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট মনোনীত প্রার্থী ড. এ.কে আব্দুল মোমেন বলেছেন, প্রবাসীরা দেশের সম্পদ। প্রবাসীদের স্বার্থ সংরক্ষণ ও দেশের উন্নয়নের মহাসড়কে তাদের সম্পৃক্ত করতে আওয়ামী লীগ সব সময় বদ্ধপরিকর। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও সরকার গঠন হলে দেশে প্রবাসীদের স্বার্থসংরক্ষণসহ তাদের জন্য বিনিয়োগের আরো উন্নত পরিবেশ তৈরি করা হবে। ড. মোমেন সমর্থক ফোরাম যুক্তরাষ্ট্রের উদ্যোগে রবিবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ড. মোমেন সমর্থক ফোরাম যুক্তরাষ্ট্রের উদ্যোক্তা রানা ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরিন পারভীন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রমুখ।

সোনাতলায় নৌকা মার্কার নির্বাচনী গণসংযোগ

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের মহাজোটের প্রার্থী আব্দুল মান্নানের পক্ষে রবিবার দিনব্যাপী সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নে নৌকা মার্কায় গণসংযোগ করেছেন তার কর্মী-সমর্থকরা। সেইসাথে কয়েকটি স্থানে বৈঠক, দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও নৌকা মার্কার লিফলেট বিতরণ করা হয়। বগুড়া জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড.মিনহাদুজ্জামান লিটন গণসংযোগে নেতৃত্ব দেন ও বক্তব্য রাখেন। গণসংযোগে আরো ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো, সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আইনমন্ত্রীর পক্ষে গণসংযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে মহাজোটের আওয়ামী লীগের প্রার্থী আইনমন্ত্রী অ্যাড.আনিসুল হক এমপির নৌকা প্রতীকের পক্ষে রবিবার গণসংযোগ করেছেন। কসবার বায়েক ইউনিয়নের মাদলা, কোল্লাপাথর, কৈহলা ও কসবা উপজেলা সদরে তিনি গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেন। এসময় সাবেক সচিব মোঃ মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হেলালউদ্দিনসহ কসবা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রায়পুরে আপেলের প্রচারণায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা লক্ষ্মীপুর-২ রায়পুর-সদর আংশিক আসনে আওয়ামী লীগের মনোনীত স্বতন্ত্র প্রার্থী কাজী শহিদ ইসলামের আপেল প্রতীকে সক্রিয় ভূমিকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের তিন কেন্দ্রীয় নেতা। সোমবার দুপুরে উপজেলায় চরপাতা ইউনিয়নের নির্বাচনীয় প্রচারণা সভায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে আপেল প্রতীকের ভোট চেয়ে প্রচারণায় নেমেছে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী খোকন। এসময় তারা নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করে আপেল প্রতীকে জয়লাভ করার জন্য ভোট দেওয়ার শপথ এবং বিজয় সুনিশ্চিত করে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে আহবান জানান। স্থানীয় আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আপেল প্রতীকের প্রার্থী কাজী শহিদ ইসলাম পাপুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ প্রমুখ।

চন্দনাইশে নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরণ

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়ায় রবিবার দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ নজরুল ইসলামের সমর্থনে নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন। তারা গাছবাড়িয়া এলাকায় বিভিন্ন ব্যবসায়ীদের কাছে নৌকা মার্কার লিফলেট বিতরণ করেন। এর আগে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় ভোট কেন্দ্র অফিসে এক আলোচনা সভা হয়। রিহ্যাব চেয়ারম্যান চট্টগ্রাম ও চন্দনাইশ সমিতির সভাপতি তরুণ আওয়ামী নেতা আবদুল কৈয়ুম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাহাববুর রহমান চৌধুরী।

সুনামগঞ্জে মহাজোটের প্রার্থীর পক্ষে গণসংযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ-৪ আসনের মহাজোটের প্রার্থী অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ। সোমবার সকাল থেকে দিনব্যাপী শহরের ওয়েজখালী পয়েন্ট, পুলিশ লাইন, কালিপুর পয়েন্টে গণসংযোগ করেন জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা মহিলা লীগের সহ-সভাপতি রওশন সিদ্দিকা কেয়া,  সাধারণ সম্পাদক হুসনা হুদা, কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামিমা শাহরিয়া প্রমুখ।

ত্রিশালে ঐক্যফ্রন্ট প্রার্থীর সংবাদ সম্মেলন

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা সোমবার ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি ডা. মাহবুবুর রহমান লিটন সোমবার তার বাসভবনে এক সংবাদ সম্মেলন করেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, বিএনপি নেতাদের হামলা ও মিথ্যা মামলা দিয়ে সরকার দলীয় লোকজন নির্বাচন বানচালের চেষ্টা করছে। তা ছাড়া ঐক্যফ্রন্ট প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হচ্ছে।

আগৈলঝাড়ায় উঠান বৈঠকে নৌকায় ভোট প্রার্থনা

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা বরিশাল-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবুল হাসানাত আব্দুুল্লাহ এমপির পক্ষে নৌকা মার্কার উঠান বৈঠকে ভোট চাইলেন দলীয় নেতৃবৃন্দ। রবিবার রাতে গৈলা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে পশ্চিম সুজনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কেন্দ্র কমিটির আহ্বায়ক নজরুল মল্লিকের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন— ঢাকা মহানগর (দ.) শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব মোল্লা, সাবেক অধ্যাপক রনজিত বাড়ৈ খোকন, মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র সরকার প্রমুখ। সভায় বক্তারা বিএনপিকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।