বাজপেয়ীর স্মৃতিতে ১০০ টাকার কয়েন চালু করলেন মোদী

চলে গিয়েছেন অটল বিহারি বাজপেয়ী। তাঁর জন্মবার্ষিকীর একদিন আগে, তাঁর নামে ১০০ টাকার স্মারক মুদ্রা চালু করল কেন্দ্র সরকার। সোমবার রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠানে মুদ্রাটি প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  — আনন্দবাজার পত্রিকা

লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন, অর্থমন্ত্রী অরুণ জেটলি, সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহেশ শর্মা, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণীও ওই অনুষ্ঠানে হাজির ছিলেন। সেখানে মোদী বলেন, অসম্ভব ভালো বক্তা ছিলেন বাজপেয়ী। বিরোধী থাকাকালীন কখনো চুপ করে বসে থাকেননি। সাধারণ মানুষের অধিকার নিয়ে বরাবরই সরব ছিলেন তিনি। এখনকার রাজনৈতিক পরিস্থিতি আলাদা। দু’-পাঁচ বছর ক্ষমতায় না থাকলেই অধৈর্য হয়ে পড়েন মানুষ।

নতুন ১০০ টাকার কয়েনটি ওজনে ৩৫ গ্রাম। একপিঠে হিন্দি ও ইংরেজিতে বাজপেয়ীর নাম খোদিত রয়েছে। বসানো রয়েছে তাঁর ছবিও। যার নিচে তাঁর জীবনকাল, ১৯২৪ থেকে ২০১৮ সালের উল্লেখ রয়েছে। উল্টো পিঠে রয়েছে অশোক স্তম্ভ। তার নিচে হিন্দিতে লেখা রয়েছে ‘সত্য মেব জয়তে’।

১৯৯৬ সালে ১৩ দিনের জন্য, ১৯৯৮ সালে ১৩ মাসের জন্য এবং ১৯৯৯ থেকে প্রায় ছ’বছরের জন্য মোট তিন দফায় দেশের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারি বাজপেয়ী।  এ বছর ১৬ আগস্ট ৯৬ বছর বয়সে মৃত্যু হয় তাঁর। তারপর তাঁর নামে বেশকিছু জায়গার নামকরণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে হিমালয় পর্বতমালার চারটি শৃঙ্গ। গঙ্গোত্রী হিমবাহের কাছে আবিষ্কৃত চারটি নয়া শৃঙ্গের নাম রাখা হয়েছে যথাক্রমে, অটল ১, অটল ২, অটল ৩ এবং অটল ৪। ছত্তীসগড়ের নয়া রাজপুর এলাকার নাম পাল্টে করা হয়েছে অটল নগর।