জিএসটি কমানো নিয়ে জেটলির পোস্ট, মোদীকে খোঁচা রাহুলের

ভারতে বহুল আলোচিত গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) শূন্যে নামিয়ে আনা সম্ভব বলে মনে করেন দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি। একটি ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, একটা সময় কিছু পণ্যে শূন্য শতাংশ জিএসটি, কিছু পণ্যে ৫ শতাংশ এবং বিলাসিতা ও ক্ষতিকারক দ্রব্যে একটি নির্দিষ্ট হারে জিএসটি ধার্য করার মতো শক্তিশালী হতে পারে দেশের অর্থনীতি। —আনন্দবাজার পত্রিকার।

দু’দিন আগেই ২৩টি পণ্যে জিএসটি’র হার কমিয়ে ১৮ শতাংশের নিচে নিয়ে আসার সিদ্ধান্তের কথা জানিয়েছেন জেটলি। রাজনৈতিক পর্য-বেক্ষকদের ধারণা, তিন রাজ্যে বিধানসভা ভোটে হারের ধাক্কা খেয়ে লোকসভা ভোটের মুখে আমজনতার মন পেতেই জিএসটিতে এই ছাড়। এ অবস্থায় বিরোধী দল কংগ্রেস নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়ে বলেছে, খোঁচা, ‘হঠাত্ শীতনিদ্রা থেকে জেগে উঠেছেন প্রধানমন্ত্রী।’

‘জিএসটি’ ১৮ মাস’ নামে দীর্ঘ ওই পোস্টে জিএসটি চালুর আগের পরিস্থিতি, চালুর পরের অবস্থা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে জেটলি বিস্তারিত আলোচনা করেছেন। তিনি দেখাতে চেয়েছেন, জিএসটি চালুর আগে কীভাবে পরোক্ষ কর জিএসটি-র চেয়েও বেশি ছিল। তারপর ২০১৭ এর জুলাইয়ে চালুর পর কীভাবে সেই সব প্রত্যক্ষ করকে এক ছাতার তলায় এনে জিএসটি’র আকারে চালু করা হয়েছে। তাতে যে কর আদায়ের ভিত্তি বেড়েছে, তাও বোঝাতে চেয়েছেন জেটলি। অন্য একাধিক পোস্টে কংগ্রেস তথা ইউপিএ জমানার কর নীতির সমালোচনাও করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

এরপর পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি প্রশ্ন তুলেছেন, ‘তিন রাজ্যে হারের ধাক্কাতেই কি জিএসটিতে এই ছাড়?’ রাহুল গান্ধী তো বলেই দিয়েছেন,  ‘শীতনিদ্রায় হঠাত্ ধাক্কা লেগে প্রধানমন্ত্রী জেগে উঠেছেন।’