নতুন মুখ আফিফ ও নাঈম
স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছে সেই শ্রীলঙ্কা সফরে। বিশ্বকাপের পর করা সেই সফরের দল পুরো খোল নলচে বদলে ফেলেছেন নির্বাচকরা। সেই দলে অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। এবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য দলে অধিনায়ক হিসেবে ফিরে এসেছেন মাশরাফি বিন মুর্তজা। এছাড়া দলে আছে সাতটি পরিবর্তন। আর এই পরিবর্তনের ডামাডোলে দলে ডাক পেয়েছেন একেবারে দুই নতুন মুখ—আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ নাঈম শেখ।
শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ পড়ছেন তাসকিন আহমেদ, ফরহাদ রেজা, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, রুবেল হোসেন ও সাব্বির রহমান রুম্মন। আর এই বারের দলে যুক্ত হয়েছেন মাশরাফি, সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত, আল আমিন হোসেন, লিটন দাস, আফিফ হোসেন ও শেখ নাঈম। এর মধ্যে আফিফ ও নাঈম এখনো ওয়ানডে খেলেননি।
বাদ পড়াদের মধ্যে সৌম্য সরকার নিজের বিয়ের কারণে ছুটি নিয়েছেন। বাকিরা কেনো বাদ পড়েছেন, তার পরিষ্কার ব্যাখ্যা নির্বাচকদের কাছ থেকে পাওয়া গেল না। এর মধ্যে তাসকিন ও ফরহাদ রেজা কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন।
ফেরাদের মধ্যে মাশরাফি ও সাইফ শ্রীলঙ্কা সিরিজে চোটের কারণে খেলতে পারেননি। এরা দুই জন সুস্থ হয়ে ফেরাটা অনুমিত ছিল। লিটন দাস সে সময় ছুটিতে ছিলেন। ফলে তিনিও ফিরে আসায় দলে ডাক পেয়েছেন।
দলে এই সাত পরিবর্তনের ব্যাখ্যা দিতে গিয়ে বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘আমাদের সর্বশেষ খেলা ওয়ানডে সিরিজ থেকে দলে বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে। কারণ, সর্বশেষ সিরিজে আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় বিভিন্ন কারণে অনুপস্থিত ছিল। তবে এবার আমি খুশি যে, আমরা দল নির্বাচনের জন্য পুরো সুস্থ একটা পুল পেয়েছি।’
বিশেষ করে মাশরাফিকে ফিরে পাওয়া নিয়ে উচ্ছ্বসিত নান্নু। তিনি বলছিলেন, ‘মাশরাফিকে ফিরে পাওয়া দারুণ একটি ব্যাপার। আমাদের ওয়ানডে ক্রিকেটের জন্য তার অভিজ্ঞতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ। সাইফ উদ্দিন দলের ভারসাম্যের জন্য খুব গুরুত্বপূর্ণ।’
শান্ত সেই এশিয়া কাপের পর এই প্রথম আবার ওয়ানডে দলে ডাক পেলেন। সেই সঙ্গে দুই নতুন মুখ সম্পর্কে নান্নু বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেটে শান্তর ফরম ওকে দলে ফিরিয়েছে। নাঈম ও আফিফও সংক্ষিপ্ত সংস্করণে আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।’
প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ ওয়ানডে দল:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান।