নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের প্রতিপক্ষ
আজ ভারত
স্পোর্টস রিপোর্টার
পাকিস্তানের বিপক্ষে অনুশীলন ম্যাচ জেতায় ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। আগে থেকেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা বলছিলেন, অনুশীলন ম্যাচে ভালো করতে পারলে সেটার প্রভাব পড়বে মূল টুর্নামেন্টে। সেই আশা নিয়েই আজ মূল টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ দল।
আজ অস্ট্রেলিয়ার পার্থে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এই ম্যাচের আগে দলের পেসার জাহানারা আলম বলছিলেন, তাদের পুরো দলই আত্মবিশ্বাসী ভালো একটা শুরু করার জন্য।
এই ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস থেকেই জাহানারা বলছিলেন, ‘আমাদের দলের ১৫ জনই অনেক আত্মবিশ্বাসী। কেউই সহজে কোনো প্রতিপক্ষকে ছেড়ে দেব না, শেষ পর্যন্ত লড়াই করব। যেভাবে প্রস্তুতি নিয়েছি, আমরা যদি আমাদের খেলা খেলতে পারি, তাহলে কোনো প্রতিপক্ষই কঠিন নয়। ভারতকে অন্য সব প্রতিপক্ষের মতোই বিবেচনা করছি। নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে ভারতকে হারানো সম্ভব।’
এবার বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ভালো প্রস্তুতি নিয়েছে। যদিও বৃষ্টির কারণে প্রস্তুতিটা আশানুরূপ হয়নি বলে বলছিলেন জাহানারা, ‘আমরা ১০ দিন কন্ডিশনিং ক্যাম্প করলাম। প্রতিটি দলই আগেভাগে এলেও কেউই বৃষ্টির কারণে প্রস্তুতিটা ভালোভাবে করতে পারেনি। আমরা রোদ-বৃষ্টি মিলিয়ে যতখানি করেছি মনে হচ্ছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি।’
তবে শেষ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়ায় ভালো শুরু হতে পারে বলে আশা করছিলেন এই পেস বোলার, ‘প্রস্তুতি ম্যাচটি যেহেতু জিতেছি, মনে হচ্ছে প্রস্তুতি ভালোই হয়েছে। পাকিস্তানকে হারানো সহজ ছিল না। ভালো ক্রিকেট খেলেছি বলে হারাতে পেরেছি। আমি নিশ্চিত মেয়েরা যে ভাবনায় আছে সেটা যদি মাঠে দেখাতে পারে তাহলে ভালো কিছু পাওয়া সম্ভব।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন বার অংশ নিয়ে ১৩ ম্যাচে কেবল দুইটি জিতেছে বাংলাদেশ। সেই জয় দুটি এসেছে ২০১৪ বিশ্বকাপে, নিজেদের মাটিতে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে। সবশেষ দুই আসরে আট ম্যাচে জয় নেই একটিও।