তাইজুলের রক্ষা

উদ্বোধনী দিনে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি ছিলেন উইকেটশূণ্য। দ্বিতীয় দিনেও প্রথম দুই উইকেট নিয়ে ফেলেন আবু জায়েদ রাহি। ফলে, দলের সবচেয়ে অভিজ্ঞ বোলারের উইকেটশূণ্য থাকার একটা আশঙ্কা ছিলই। সেটা হলে, এই নিয়ে চতুর্থবারের মতো টেস্টের এক ইনিংসে ২০ ওভারের বেশি বোলিং করেও উইকেটহীন থাকার নজির গড়তেন বাঁহাতি এই স্পিনার। এর মধ্যে সর্বশেষ ইনিংসটা ছিল গত নভেম্বরেই, ভারতের বিপক্ষে ইন্দোর টেস্টে। তবে, সেই আক্ষেপে এবার পুড়তে হয়নি তাকে। অভিষিক্ত ক্রিকেটার চার্লটন তিসুমাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে তিনি জিম্বাবুয়ের ইনিংসে প্রথমবারের মতো উইকেটের দেখা পান। এখানেই অবশ্য থামেননি তাইজুল। ইনিংসের শেষ উইকেটটাও পান তিনি। রেগিস চাকাভাকে মিড উইকেটে নাঈম হাসানের ক্যাচে পরিণত করে সফরকারীদের ২৬৫ রানে থামিয়ে দেন তাইজুল।