গিবসনের তত্ত্বাবধানে মাশরাফির বোলিং

স্পোর্টস রিপোর্টার

গত শনিবার ওয়ানডে দল নিয়ে নির্বাচকদের সঙ্গে মিটিং করেছেন মাশরাফি বিন মুর্তজা। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য নিজের প্রস্তুতি শুরু করেছেন তিনি আরো আগে। গতকাল বল হাতে নেমে পড়েছেন তিনি। জাতীয় দলের বোলিং কোচ ওটিস গিবসনের অধীনে গতকাল নেটে বোলিং করেছেন মাশরাফি। মিরপুর স্টেডিয়ামের ইনডোরে তার সঙ্গে তাসকিন আহমেদও বোলিং করেন।

নেটে তাসকিন বোলিং করেছেন সাত ওভার। কয়েকটি নো বলও করেছেন তিনি। মাশরাফি অবশ্য কত ওভার করেছেন তার হিসেব বলতে পারেননি। ওয়ানডে অধিনায়ক গতকাল বলেছেন, ‘আমি হিসেব রাখিনি, কতগুলো বল করেছি।’ নেটে নিজের শক্তির কাটার করতে দেখা গেছে মাশরাফিকে। সিম কাজে লাগিয়ে এক জায়গায় বোলিং করার চেষ্টা করেছেন তিনি।

মাশরাফির বোলিংয়ে তৃপ্ত দেখা গেছে গিবসনকে। জানতে চাইলে ক্যারিবিয়ান এই বোলিং কোচ বলেছেন, ‘তাকে জিজ্ঞেস করতে পারো, নেটে বোলিং করে ওর কেমন লেগেছে। আমার মনে হয় সে ভালোই বোলিং করেছে। তার পর্যাপ্ত স্কিল রয়েছে।’ অধিনায়ক হিসেবে মাশরাফির এটিই শেষ সিরিজ। বিশ্বকাপের পর কোনো ওয়ানডে খেলেননি ডানহাতি এই অভিজ্ঞ পেসার। সর্বশেষ বঙ্গবন্ধু বিপিএলে বোলিং করেছেন। টুর্নামেন্টের শেষ দিকে তার বাঁ হাতে ১৪ সেলাই পড়েছিল। ইনজুরির ধাক্কা কাটিয়ে বোলিং শুরু করেছেন তিনি।