স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে বিশাল স্কোর গড়েছে দক্ষিণাঞ্চল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় দিনে সেঞ্চুরি করেন ফরহাদ রেজা। তার অপরাজিত ১০৩ রানের ইনিংসের সুবাদে অলআউট হওয়ার আগে ৪৮৬ রান তুলেছে দলটি। জবাব দিতে নেমে পূর্বাঞ্চল তিন উইকেট হারিয়ে করেছে ১১০ রান।
ছয় উইকেট হারিয়ে ৩০৬ রান নিয়ে দিন শুরু করেছিল দক্ষিণাঞ্চল। অলআউট হওয়ার আগে গতকাল রবিবার দলটি নিজেদের খাতায় যোগ করেছে আরো ১৮০ রান।
সপ্তম উইকেট জুটিতে শামসুর রহমান শুভর সঙ্গে ৯৪ রান যোগ করেন ফরহাদ রেজা। শুভ যখন আউট হন দলের রান তখন ৩৭৭। এরপর দলীয় ৩৯৬ রানের মাথায় ব্যক্তিগত সাত রানে সাজ ঘরে ফিরেন অধিনায়ক আব্দুর রাজ্জাক।
ঐ সময় টেলএন্ডার শফিউল ইসলামকে নিয়ে নবম উইকেট জুটিতে ৮৮ রান যোগ করেন ফরহাদ। জুটিতে শফিউল করেন ৩০ রান। ৪৮৪ রানের মাথায় শফিউল আর ৪৮৬ রানের মাথায় শেষ ব্যাটসম্যান হিসেবে আলআমিন হোসেন আউট হন। ১০৩ রান করে অপরাজিত থাকেন ফরহাদ। ১৮৬ বলের ইনিংসে ছিল ১০টি চার, পাঁচটি ছক্কা। এটাই দক্ষিণাঞ্চলের ইনিংসের একমাত্র সেঞ্চুরি। এর আগে প্রথমদিন ৮৬ রান করেন ওপেনার ফজলে মাহমুদ রাব্বি। আরেক ওপেনার এনামুল হক বিজয় করেন ৭৬ রান।
উদ্বোধনী জুটিতে এই দুই জন মিলে যোগ করেন ১৩৬ রান। রাব্বির ইনিংসে ছিল ৯টি চার ও দুইটি ছক্কা। অন্যদিকে পাঁচটি চার ও একটি ছক্কায় নিজের ইনিংস সাজান বিজয়। পূর্বাঞ্চলের হয়ে রুয়েল মিয়া ও সাকলায়েন সজিব দুইটি করে উইকেট নেন।
দক্ষিণাঞ্চলের রানের পাহাড়ের জবাবে, ভালো সূচনা করেছিলেন পূর্বাঞ্চলের দুই ওপেনার পিনাক ঘোষ ও মোহাম্মদ আশরাফুল। তারা উদ্বোধনী জুটিতে যোগ করেন ৬৩ রান। তবে, মাত্র পাঁচ রানের মধ্যে দুই জনই ফিরে যান সাজঘরে। পিনাক ৩৮ ও আশরাফুল ২৮ রান করেন। দুই জনের উইকেটই পান রাজ্জাক। তিনে নেমে ২১ রানে অপরাজিত আছেন মাহমুদুল হাসান। চারে নামা ইমরুল কায়েস পড়ন্ত বেলায় ২২ রান করে শফিউল ইসলামের বলে বোল্ড হয়ে যান। গতকালই ওয়ানডে দলে ডাক পাওয়া আফিফ হোসেন ধ্রুব কোনো রান না করে অপরাজিত থেকে দিন শেষ করেন।