সন্ত্রাসী জিসানের সহযোগী শাকিল তিন দিনের রিমান্ডে

বিশেষ প্রতিনিধি

শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী মাজহারুল ইসলাম ওরফে শাকিল ওরফে শাকিল মাজহারের জামিন না-মঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান রিমান্ডের এ আদেশ দেন। তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মোহাম্মদপুর থানার অস্ত্র আইনে করা মামলার সু্ষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মোর্শেদ আলম। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা শওকত আহমেদ। উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি রাতে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।