কলেজে ভর্তি ও চাকরিতে নিয়োগের আগে ডোপ টেস্টের সুপারিশ

ইত্তেফাক রিপোর্ট

কলেজে ভর্তি এবং সরকারি-বেসরকারি চাকরিতে নিয়োগের আগে ডোপ টেস্ট করার জন্য সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

বৈঠকে চলমান মাদকবিরোধী অভিযান নিয়েও আলোচনা হয়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার ও সচেতনতা বৃদ্ধির এবং সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ দিয়েছে কমিটি। কারাগারে মাদকাসক্তদের পৃথকভাবে রাখার সুপারিশ করা হয়। এছাড়াও বৈঠকে আত্মসমর্পণকারী চরমপন্থিরা যেন নিজ নিজ এলাকায় অবস্থান করে এবং তাদের সার্বিক কার্যক্রম পুলিশের নজরদারিতে রাখার ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ারও সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

কমিটির সভাপতি শামসুল হক টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ ও সুলতান মোহাম্মদ মনসুর আহমদ অংশ নেন। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন উপজেলাগুলোতে মাঠ পর্যায়ে কর্মরতদের পর্যাপ্ত আবাসনের ব্যবস্থা করতে এবং পদমর্যাদার সঙ্গে সমন্বয় করে আবাসন ভাড়া নির্ধারণের সুপারিশ করা হয়। বাংলাদেশ কোস্টগার্ডে প্রয়োজনীয় জনবল নিয়োগেরও সুপারিশ করেছে কমিটি।