সাঁজোয়া যানসহ প্রায় ১০০টি গাড়ি সীমান্ত পথে সিরীয় সীমান্তে আঙ্কারায় নিজেদের শক্তিমত্তা বাড়াচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা দেমিরোরেন (ডিএইচএ)। এরই মধ্যে বড় বড় পিকআপ ট্রাক ও সাঁজোয়া যানসহ প্রায় একশটি গাড়ি সীমান্ত এলাকার পথে রওনা হয়েছে বলেও নিশ্চিত করেছে তারা।
কী কারণে এ শক্তি বৃদ্ধি তা না বললেও সিরিয়ার উত্তরে কুর্দি অধ্যুষিত অঞ্চলে অভিযানের উদ্দেশ্যেই এ পদক্ষেপ হতে পারে বলে ধারণা বার্তা সংস্থা রয়টার্সের। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিলে আঙ্কারা কুর্দি ওয়াইপিজি গেরিলাদের বিরুদ্ধে আগে থেকে ঘোষিত একটি অভিযান স্থগিত করার ইঙ্গিত দিয়েছিল। উত্তর সিরিয়ায় কুর্দি আধিপত্য নিয়ে তুরস্ক দীর্ঘদিন ধরেই তাদের অস্বস্তির কথা জানিয়ে আসছিল। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে ওয়াইপিজির ঘনিষ্ঠ যোগাযোগ আছে বলেও সন্দেহ তাদের। গত শতকের ৮০-র দশক থেকে স্বাধীন কুর্দিস্তানের দাবিতে লড়াই করে যাওয়া পিকেকে-কে আঙ্কারা ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবেই দেখে।
রবিবার ডিএইচএ তুর্কি সামরিক বাহিনীর গাড়িবহরটি দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাতয়ের কিলিস জেলার দিতে যাচ্ছে বলে জানিয়েছে। বহরটিতে ট্যাঙ্ক, ছোট কামান, মেশিনগানের পাশাপাশি বাসভর্তি কমান্ডো সদস্যরাও রয়েছেন।