শতভাগ পেনশন সমর্পণকারীদের পেনশনে পুনঃস্থাপিত করার বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য গঠিত সরকারি কমিটির হিসাব অনুযায়ী ১৯৯৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ২৩ বছর সময়ে শতভাগ পেনশন সমর্পণকারীদের মধ্যে অবসরের পর ১৫ বছর পার হয়েছে এমন ব্যক্তির সংখ্যা ১৯ হাজার ৫৩৮ জন। তাঁদেরকে পেনশনে পুনঃস্থাপন করায় বছরে ব্যয় হবে ১৩৯ কোটি টাকা। এই সাড়ে উনিশ হাজারের মধ্যে দুই শ্রেণির মৃত ব্যক্তির হিসাব আছে। প্রথম শ্রেণি : যাঁরা অবসরের পর ১৫ বছর বা তারও বেশি সময় বেঁচে ছিলেন এবং যোগ্যতা অর্জন করেন অর্থাত্ ১-৭-১৭ তারিখের পরে, কিন্তু পেনশন উত্তোলনের আগেই মারা গেছেন। দ্বিতীয় শ্রেণির ব্যক্তি যাঁরা অবসরের পর মৃত্যুবরণ করেছেন এবং ১-৭-১৭ তারিখ বা তার আগে বা পরে তাঁদের অবসরের ১৫ বছর পূর্ণ হয়েছে বা হবে। প্রথম শ্রেণির ব্যক্তিদের নিজের এবং তাঁদের পরিবারের পেনশন প্রাপ্য। দ্বিতীয় শ্রেণির ব্যক্তিদের পরিবারের পেনশন প্রাপ্য, যদি তাঁদের স্ত্রী বা স্বামীরা জীবিত থেকে থাকেন। সুপারিশ প্রণয়নকারী কমিটি বোধহয় তাঁদের কথা সুপারিশ করতে ভুলে গেছেন। হিসাব অনুযায়ী এই মৃতদের পেনশনের টাকা যা ১৩৯ কোটি টাকার অন্তত ২৫ শতাংশ অর্থাত্ প্রায় ৩৫ কোটি টাকা শুভংকরের ফাঁকি। এই টাকাটা হিসাব অনুযায়ী যাঁদের পাওনা, আশা করছি, সরকার তাঁদেরকে তা পরিশোধ করবে।
ওয়াহিদুল ইসলাম আখন্দ
অবসরপ্রাপ্ত সরকারী মহাব্যবস্থাপক,
অগ্রণী ব্যাংক, ৫৭০/১-বি,
সেনপাড়া-পর্বতা, ঢাকা ১২১৬