জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, মরহুম আলহাজ শাহাদাত্ হোসেন ছিলেন একজন সত্, যোগ্য ও কর্মঠ জনপ্রতিনিধি। আস্থাভাজন এবং ঘনিষ্ঠ রাজনৈতিক নেতা হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত তিনি আমার সঙ্গে ছিলেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বার বার নির্বাচিত হয়ে সরকারি ও আমার ব্যক্তিগত বিভিন্ন বরাদ্দ, ত্রাণ সামগ্রী কঠোর সততা ও নিষ্ঠার সাথে ব্যবহার ও বিতরণ করেছেন। এলাকায় উন্নয়নের ব্যাপারে তিনি সব সময় আমার সাথে যোগাযোগ রক্ষা করে চলতেন এবং পরামর্শ করতেন। কখনো ক্ষমতার অপব্যবহার করেননি তিনি। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং তিনি আল্লাহর রহমতে অবশ্যই জান্নাতবাসী হবেন এই দোয়া করছি। যারা জনসেবা করেন তাঁদের উপর আল্লাহর রহমত থাকে। মানুষের জন্য সেবামূলক কাজ করার সুযোগ পেয়ে তিনি তাঁর সঠিক ব্যবহার করলে আল্লাহ তাঁর প্রতি খুশি থাকেন। অনেকে ক্ষমতা পেয়েও তার ব্যবহার করতে সক্ষম হন না। আমার বিশ্বাস তাঁর এলাকা ও পরিবারে মরহুম শাহাদাত্ হোসেনের শূন্যতা অবশ্যই পূরণ হবে।
জাতীয় পার্টি জেপির ভান্ডারিয়া উপজেলা যুগ্ম আহ্বায়ক ও ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের সদ্য প্রয়াত চেয়ারম্যান আলহাজ শাহাদাত্ হোসেনের রুহের মাগফিরাত কামনা করে গতকাল সোমবার দুপুরে ভান্ডারিয়া আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত মোনাজাত ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন মঞ্জু এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, জেপির ভান্ডারিয়া উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশীদ তারিক, যুবলীগের উপজেলা আহ্বায়ক এনামুল কবির টিপু ও যুগ্ম আহ্বায়ক লিটন পেশকার, জেপি নেতা মোস্তফা সিকদার প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম।