পতাকার সম্মান রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকুন

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে সশস্ত্র বাহিনীর সদস্যদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি চট্টগ্রাম নগরীর হালিশহর আর্টিলারি সেন্টার ও স্কুলে এয়ার ডিফেন্স রেজিমেন্টের চার আর্টিলারির জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে গতকাল রবিবার এ আহ্বান জানান। তিনি আরো বলেন, ‘জাতীয় পতাকা স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান ও মর্যাদার প্রতীক। তাই পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব।’

১, ২, ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ও ৩৮ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারির জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে                তিনি আরো বলেন, দেশ ও জাতির প্রয়োজনে জনকল্যাণমূলক কাজেও সশস্ত্রবাহিনীর সদস্যদের অবদান রাখতে হবে। এ বিষয়ে তিনি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এবং জাতিসংঘের বিভিন্ন মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের কথা উল্লেখ করে বলেন, তাদের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, বাহিনীর প্রতিটি সদস্যকে বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করতে হবে। আধুনিকায়ন ও প্রযুক্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত উল্লেখ করে তিনি সকল সদস্যকে আধুনিক প্রযুক্তির সঙ্গে টিকে থাকার জন্য প্রয়োজনীয় কারিগরি ও  পেশাগত জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রপতি বলেন, ‘একটি আধুনিক, সময় উপযোগী ও শক্তিশালী সামরিক বাহিনী যে কোনো দেশের জন্য অপরিহার্য।’

রাষ্ট্রপতি প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে ছবি তোলেন এবং দর্শনার্থীদের বইয়ে স্বাক্ষর করেন। এর আগে তিনি প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ তাকে অভ্যর্থনা জানান।