কমনওয়েলথভুক্ত দেশগুলোকে বিনিয়োগের আহ্বান অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশ এখন বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় গন্তব্য। কমনওয়েলথভুক্ত দেশগুলো এদেশে বিনিয়োগ করলে যৌথভাবে লাভবান হতে পারবে। গতকাল রবিবার শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর দপ্তরে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের (সিডব্লিউইআইসি) ডেপুটি চেয়ারম্যান, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্যার হুগো সোয়ার কেসিএমজির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন অর্থমন্ত্রী। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাত্কালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, সিডব্লিউইআইসিয়ের ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট এ কিউ হামজা উপস্থিত ছিলেন। বৈঠকে স্যার হুগো সোয়ার বলেন, কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ এবং কমনওয়েলথের অন্য সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী। তিনি আরো বলেন, বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠা করতে ঢাকায় একটি আঞ্চলিক অফিস প্রতিষ্ঠা করতে চায়, যা এই অঞ্চলে হাব হিসেবে কাজ করবে। রুয়ান্ডায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ বিজনেস ফোরামে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানান তিনি।

বৈঠকে অর্থমন্ত্রী স্যার হুগো সোয়ারের প্রস্তাবকে স্বাগত জানান। তিনি বলেন, বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় গন্তব্য এখন বাংলাদেশ। কমনওয়েলথভুক্ত দেশগুলোতে বাণিজ্য বাড়াতে সিডব্লিউইআইসিকে ভূমিকা রাখার আহ্বান জানান অর্থমন্ত্রী।