চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধে অর্থনীতির যে ক্ষতি হয়েছে সেটি কাটিয়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছিল; কিন্তু করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ে বিশ্বব্যাপী যে জরুরি অবস্থা তৈরি হয়েছে তাতে অর্থনীতি পুনরুদ্ধার ঝুঁকিতে পড়বে। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জি-২০ অর্থমন্ত্রী পর্যায়ের বৈঠকে গতকাল রবিবার এ মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রধান ক্রিস্টালিনা জর্জিভা। সভা উপলক্ষ্যে দেওয়া এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, আমরা একটি অনিশ্চয়তার দিকে যাচ্ছি। এবছরের শুরুতে বিশ্ব অর্থনীতির কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছিল। গতবছর ২ দশমিক ৯ শতাংশ বিশ্ব প্রবৃদ্ধি হতে এবছর ৩ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা করা হয়েছিল। চীন-মার্কিন বাণিজ্য নিয়ে উত্তেজনার পর প্রাথমিক কিছু সমঝোতা হয়েছিল। আশা করা হয়েছিল, আগের উত্তেজনা প্রশমন হয়ে বিশ্ববাণিজ্য ঘুরে দাঁড়াবে; কিন্তু কোভিড-১৯ ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে জরুরি অবস্থা তৈরি হয়েছে। এর ফলে চীনের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে অর্থনীতি পুনরুদ্ধার ঝুঁকিতে ফেলবে। ভাইরাসটির প্রভাব স্বাস্থ্যগত হলেও এর প্রভাব পড়ছে অর্থনীতিতে। করোনা ভাইরাস ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে ঋণ বেড়ে যাওয়া, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলার চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জি-২০ ভুক্ত দেশগুলোকে আহ্বান জানান তিনি। করোনা ভাইরাস যাতে বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে না পড়ে সেজন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
আইএমএফ মনে করছে—করোনা ভাইরাসের প্রভাবে চীনের অর্থনীতির প্রবৃদ্ধি চলতি বছর ৫ দশমিক ৬ শতাংশে নেমে আসবে। যা জানুয়ারির পূর্বাভাস থেকে শূন্য দশমিক ৪ শতাংশ কম। সবমিলিয়ে বিশ্ব অর্থনীতির গতি শূন্য দশমিক ১ শতাংশ কমে যেতে পারে এই ভাইরাসের প্রভাবে।